নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
যুক্তরাষ্ট্রে ২৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বাংলাদেশী আমেরিকান্স অব নিউইয়র্ক আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেছেন, বাংলাদেশ সহ ভারত উপমহাদেশের দেশগুলোর স্বাধীনতার সাথে আমেরিকার স্বাধীনতার মিল রয়েছে। অনেক ত্যাগ-তিতিক্ষা আর সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ যেমন স্বাধীন হয়েছে, তেমনি ২৫০ বছর আগে বৃটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে আমেরিকা। বক্তারা বলেন, বাংলাদেশ আমাদের মাতৃভূমি। আর যুক্তরাষ্ট্র আমাদের দ্বিতীয় বাসস্থান। দেশের মতোই ভালবাসতে হবে এই দেশকে। এই দেশের সকল জাতীয় দিবস পালন করা উচিৎ গুরুত্বের সাথে। কেননা, দেশটির নাগরিক হিসেবে সকল সুযোগ-সুবিধা আমরা ভোগ করছি, এই দেশে আমাদেরকে বাংলাদেশী-আমেরিকান হতে হবে। নিউইয়র্ক (ইউএনএ)
বিশেষ করে প্রবাসী বাংলাদেশীদের আমব্রেলা সংগঠন হিসেবে বাংলাদেশ সোসাইটির উদ্যোগে যুক্তরাষ্ট্রের সকল জাতীয় দিবস গুরুত্তের সাথে পালনের উপর গুরুত্বারোপ করেন বক্তারা। সিনিয়র সাংবাদিক বিভিন্ন মিডিয়ার সম্পাদকসহ কম্যুনিটির গণ্যমান্য অতিথিরা এতে অংশগ্রহণ করেন। যুক্তরাষ্ট্রের স্বাধীনতার পরিপ্রেক্ষিত, স্বাধীনতা সংগ্রাম এবং বিশ্বশান্তি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের অঙ্গীকার ও ভূমিকা নিয়ে আলোচকরা আলোচনা করেন।

যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস ছিলো গত ৪ জুলাই। নিউইয়র্ক সহ যুক্তরাষ্ট্রব্যাপী নানা আয়োজনে এদিন পালন করা হয় ২৫০তম স্বাধীনতা বার্ষিকী। দিবসটি উপলক্ষে সিটির জ্যামাইকার হিলসাইড এভিনিউস্থ একটি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় বক্তারা উপরোক্ত কথা বলেন। সভাপতি বিহীন ব্যতিক্রমী এই আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সভার অন্যতম আয়োজক সিনিয়র সাংবাদিক ও লেখক সাঈদ তারেক। সিনিয়র সাংবাদিক শেখ সিরাজুল ইসলামের সঞ্চালনায় সভায় পরিবেশিত হয়যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত । পরবর্তীতে অনুষ্ঠিত আলোচনা পর্বে যুক্তরাষ্ট্র প্রতিষ্ঠার ইতিহাস সংক্ষেপে তুলে ধরে বক্তব্য রাখেন সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ এ খান, সভার অন্যতম আয়োজক আজিজুল হক মুন্না ও সাঈদ তারেক। সভায় সত্তুর দশকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশীদের আগমনের ইতিহাস এবং জ্যামাইকায়া ঘাঁটির ইতিহাস সংক্ষেপে তুলে ধরেন জ্যামাইকার প্রবীন প্রবাসী নাসির আলী খান পল।
সভায় আরো আলোচনায় অংশ নেন নজরুল একাডেমী ইউএসএ’র সভাপতি ও সভার অপর আয়োজক কিউ জামান, সিনিয়র সাংবাদিক তাসের মাহমুদ, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক একেএম ফজলে রাব্বী, কবি-লেখক এবিএম সালেহ উদ্দীন, লেখক আজিজুর রহমান, সাপ্তাহিক নবযুগ সম্পাদক শিহাব উদ্দীন সাগর ও সাপ্তাহিক হককথা সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদ, বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তা কাজী সাখাওয়াত হোসেন আজম এবং ওসমান চৌধুরী, জামাইকা বাংলাদেশ এসোসিয়েশন (জেবিএ)-এর সাধারণ সম্পাদক রাব্বী সৈয়দ, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট আনিসুল কবীর জাসীর, সন্দ্বীপ সোসাইটি অব ইউএসএ’র সভাপতি ফিরোজ আহমেদ, সোনালী এক্সচেঞ্জ ইনক জ্যাাইকা শাখার কর্মকর্তা মনিউর রহমান, মিডিয়া কর্মী রাশিদা আকতার, কবি সেলিনা আকতার, জ্যামাইকা থিয়েটার-এর সভাপতি শেখ হায়দার আলী, নিউ জার্সী থেকে আগত অ্যাক্টিভিষ্ট একে আলম মনির প্রমুখ।
সভায় কোন কোন বক্তা বলেন, বাংলাদেশ আমাদের জন্মভূমি হলেও নানা কারণে আমাদের আর স্থায়ীভাবে দেশে ফেরা হবে না। তাই আমাদেরকে আমেরিকান হয়েই এদেশে বসবাস করতে হবে। আবার কেউ কেউ বলেন, অভিবাসীদের দেশ হিসেবে যুক্তরাষ্ট্রে আমাদের বাংলাদেশী-আমেরিকান হিসেবে বসবাস করতে হবে। সেই সাথে আমাদের সন্তানদের বাংলাদেশী শিল্প-সংস্কৃতির মধ্যেই গড়ে তুলতে হবে এবং দেশপ্রেম জাগ্রত করে সততার সাথে বসবাস করতে হবে।
এই দেশের নিয়ম-কানুন মেনে চলতে হবে। সম্মিলিতভাবে গড়ে তুলতে হবে সমৃদ্ধ কমিউনিটি। সেই ক্ষেত্রে বাংলাদেশ সোসাইটি সহ আঞ্চলিক সংগঠনগুলো বিশেষ ভূমিকা রাখতে পারে বলে বক্তারা মন্তব্য করেন। বক্তারা আগামী দিনে যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের মাদার সংগঠন বলে পরিচিতদের প্রতি ৪ জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপনের আহ্বান জানান। সভা শেষে সিনিয়র সাংবাদিক ও লেখক সাঈদ তারেক-এর ৭৫তম জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। উপস্থিত অতিথিদের সাথে নিয়ে তিনি কেক কাটেন। নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
Posted ১২:৩৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
Weekly Bangladesh | Weekly Bangladesh