বাংলাদেশ অনলাইন : | মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬
ছবি : সংগৃহীত
বাংলাদেশি কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ সরকার। আগামী ২৬ মার্চ থেকে শুরু হতে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সব ধরনের খেলা এবং অনুষ্ঠান বাংলাদেশে প্রচার বা সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
গত ৫ জানুয়ারি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়। পরবর্তীতে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসপিএল) সব স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এবং ডিটিএইচ অপারেটরদের এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে অবহিত করেছে।
গত ডিসেম্বরে অনুষ্ঠিত আইপিএল নিলামে মুস্তাফিজুর রহমানকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে ভিড়িয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে সম্প্রতি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-এর মৌখিক নির্দেশনায় তাকে দল থেকে ছেড়ে দেয় কেকেআর কর্তৃপক্ষ।
বিসিসিআই জানিয়েছিল যে ভারতের মাটিতে নিরাপত্তা ঝুঁকি বাড়তে পারে, বিশেষ করে যদি মুস্তাফিজ খেলোয়াড় হিসেবে থাকে, সমর্থকরা জাতীয় জার্সি পরে ঘোরাফেরা করে, এবং নির্বাচনের সময় কাছাকাছি আসে। এই কারণে নিরাপত্তাবিষয়ক সতর্কতা দেখিয়ে অবস্থান নেওয়া হয়েছিল।
বিসিসিআই-এর এই আকস্মিক সিদ্ধান্তের পেছনে কোনো যৌক্তিক কারণ না থাকায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে বাংলাদেশের ক্রীড়া মন্ত্রণালয় ও সাধারণ জনগণ।
বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. মুহাম্মদ ইমাদুর রহমান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগ হতে প্রাপ্ত নির্দেশনা অনুযায়ী, আইপিএলের সব খেলা ও অনুষ্ঠান প্রচার/সম্প্রচার বন্ধ রাখার বিষয়টি সংশ্লিষ্ট সকলকে অবহিত করা হলো।
মন্ত্রণালয়ের পাঠানো পৃথক চিঠিতে উল্লেখ করা হয় যে, বিসিসিআই কর্তৃক মুস্তাফিজকে বাদ দেওয়ার বিষয়টি বাংলাদেশের জনগণকে ‘ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ’ করেছে। দেশের জাতীয় মর্যাদা এবং জনস্বার্থ বিবেচনায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
এর আগে ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল তার ব্যক্তিগত সোশ্যাল মিডিয়ায় আইপিএল সম্প্রচার বন্ধের বিষয়ে কঠোর মনোভাব ব্যক্ত করেন।
তিনি জানান, বাংলাদেশের কোনো খেলোয়াড় বা দেশের অবমাননা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। দেশের ক্রিকেটের মর্যাদা রক্ষায় আইপিএল সম্প্রচার বন্ধের এই সিদ্ধান্তকে একটি সময়োপযোগী পদক্ষেপ হিসেবে দেখছেন ভক্তরা।
Posted ১০:২৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬
Weekly Bangladesh | Weekly Bangladesh