বাংলাদেশ অনলাইন ডেস্ক : | মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
ছবি : সংগৃহীত
ইরানের সঙ্গে ভবিষ্যৎ আলোচনায় দেশটির কাছে ক্ষতিপূরণ দাবি করার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান পাঁচ মাসের সংঘাতে যুক্তরাষ্ট্রের হামলায় হওয়া ক্ষয়ক্ষতির জন্য ওয়াশিংটনের কাছে ক্ষতিপূরণ দাবি করার পর ট্রাম্পও পাল্টা এই দাবি তুললেন।
১০ আগস্ট (সোমবার) ট্রাম্প তার প্রতিনিধিদের নির্দেশ দেন, ইরানের সঙ্গে পরবর্তী যে কোনো আলোচনায় ক্ষতিপূরণের বিষয়টি তুলতে হবে। তিনি বলেন, ইরান এর আগে আলোচনায় ক্ষতিপূরণের দাবি তোলেনি।
ইরানের হামলায় নিহত বা গুরুতর আহত ব্যক্তিদের পরিবারের জন্য ক্ষতিপূরণ দাবি করেছেন ট্রাম্প। এর মধ্যে ইরানের বিক্ষোভে নিহত ব্যক্তিদের পরিবারের কথাও তিনি উল্লেখ করেন। পাশাপাশি লেবানন, সিরিয়া, ইয়েমেন ও গাজায় ইরানের কর্মকাণ্ডের কারণে যুক্তরাষ্ট্রের যে ‘ক্ষয়ক্ষতি ও প্রাণহানি’ হয়েছে, সেগুলোর জন্যও ক্ষতিপূরণ চেয়েছেন তিনি।
অন্যদিকে ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র তাদের শর্ত পূরণ না করা পর্যন্ত হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দেওয়া হবে না। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই যুক্তরাষ্ট্রকে তাদের ‘অবৈধ ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড’ বন্ধ করে ক্ষতিপূরণ দেওয়ার আহ্বান জানিয়েছেন।
ইরানের দাবি, হরমুজ প্রণালি পুরোপুরি খুলতে হলে যুক্তরাষ্ট্রকে ইরানের ওপর নৌ অবরোধ ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। একই সঙ্গে যুদ্ধের কয়েক মাসে হওয়া ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ দিতে হবে এবং বিদেশে আটকে থাকা ইরানের অর্থও ছাড়তে হবে।
এদিকে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিয়ে ওমানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে ইরান। সাময়িকভাবে জাহাজ চলাচলের জন্য একটি নির্দিষ্ট নৌপথ বা করিডোর চালুর বিষয়েও আলোচনা হচ্ছে। তবে ইরান বলছে, হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দেওয়ার সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার ওপর নির্ভর করবে।
সূত্র : শাফাক নিউজ এজেন্সি
Posted ৮:৫০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
Weekly Bangladesh | Weekly Bangladesh