বাংলাদেশ ডেস্ক : | বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
নিউইয়র্ক সিটির বাসিন্দাদের নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের ক্রমবর্ধমান ব্যয় কমাতে বড় উদ্যোগ নিয়েছে মেয়র জোহরান মামদানির প্রশাসন। সিটি পরিচালিত কমিউনিটি গ্রোসারি স্টোরগুলোতে চাল, ডাল, শাকসবজি, মাংসসহ মৌলিক খাদ্যপণ্যে বাজারদরের তুলনায় ৩০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় দেওয়ার পরিকল্পনা ঘোষণা করা হয়েছে। সিটি কর্তৃপক্ষের দাবি, এ উদ্যোগ বাস্তবায়িত হলে একটি পরিবার বছরে প্রায় এক হাজার ডলার পর্যন্ত সাশ্রয় করতে পারবে।
২৭ জুলাই সোমবার ব্রুকলিনে পরিকল্পনার বিস্তারিত তুলে ধরে মেয়র জোহরান মামদানি জানান, সিটি পরিচালিত পাঁচটি কমিউনিটি গ্রোসারি স্টোরে প্রতি মাসে নির্ধারিত কিছু নিত্যপণ্যের দাম বাজারমূল্যের তুলনায় ৩০ শতাংশ কম রাখা হবে। এর ফলে একটি পরিবার মাসে গড়ে প্রায় ৯০ ডলার এবং বছরে প্রায় এক হাজার ডলার পর্যন্ত সাশ্রয় করতে পারবে। মূল্যছাড়ের আওতায় থাকবে শাকসবজি, পাস্তা, মাংস, সামুদ্রিক মাছ, রুটি, দই, চাল, ডালসহ অন্যান্য প্রয়োজনীয় খাদ্যপণ্য। এসব পণ্যের দাম পুরো মাসজুড়ে অপরিবর্তিত থাকবে। ফলে সাপ্তাহিক মূল্য ওঠানামার প্রভাব থেকে ক্রেতারা সুরক্ষা পাবেন এবং অতিরিক্ত মূল্য পরিশোধের ঝুঁকিও কমবে।
মেয়র মামদানি বলেন, নিউইয়র্কের কোনো পরিবার যেন খাবারের খরচ নিয়ে দুশ্চিন্তায় না থাকেÑসেটিই আমাদের লক্ষ্য। পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে সিটি কর্তৃপক্ষ নতুন তিনটি কমিউনিটি গ্রোসারি স্টোর পরিচালনার জন্য ৪৪ পৃষ্ঠার দরপত্র আহ্বান করেছে। এর আগে ইস্ট হারলেমের লা মারকেটা এবং ব্রঙ্কসের হান্টস পয়েন্টকে দুটি সম্ভাব্য স্থান হিসেবে ঘোষণা করা হয়েছে। ২০২৯ সালের মধ্যে পাঁচটি স্টোরই চালু করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছেপরিকল্পনা অনুযায়ী, সিটি সরকার জমি বা দোকানের স্থান সরবরাহ করবে এবং নির্মাণ বা সংস্কারের ব্যয় বহন করবে। অন্যদিকে, দোকানগুলোর দৈনন্দিন পরিচালনার দায়িত্ব থাকবে বেসরকারি অপারেটরের ওপর।
তবে এই উদ্যোগ নিয়ে সমালোচনাও রয়েছে। সমালোচকদের আশঙ্কা, সিটি পরিচালিত মুদি দোকান চালু হলে স্থানীয় ছোট মুদি দোকান ও বোডেগাগুলোর ব্যবসা ক্ষতিগ্রস্ত হতে পারে। এ আশঙ্কা নাকচ করে মেয়র মামদানি বলেন, সিটি পরিচালিত দোকানগুলোতে সিগারেট, মদ, লটারির টিকিট কিংবা গরম খাবার বিক্রি করা হবে না। কারণ এসব পণ্য স্থানীয় বোডেগাগুলোর আয়ের গুরুত্বপূর্ণ উৎস। তাই তাদের সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় যেতে চায় না সিটি প্রশাসন।এই প্রকল্প বাস্তবায়নে সিটির মূলধন বাজেট থেকে ৭ কোটি ডলার বরাদ্দ রাখা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, প্রথম সিটি পরিচালিত মুদি দোকান আগামী বছর ব্রঙ্কসে চালু হবে। এরপর ২০২৯ সালের মধ্যে ইস্ট হারলেমে দ্বিতীয় শাখাসহ মোট পাঁচটি স্টোর চালুর লক্ষ্য রয়েছে।
Posted ৪:০০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Weekly Bangladesh | Weekly Bangladesh