বাংলাদেশ অনলাইন : | শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি : সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
বিবিসির খবরে জানানো হয়, আসিফ আলী জারদারি বলেছেন, পাকিস্তান বাংলাদেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে সমর্থন করে এবং বাণিজ্য, প্রতিরক্ষা ও সাংস্কৃতিক বিনিময় জোরদার করতে নতুন সরকারের সঙ্গে কাজ করার প্রত্যাশা রাখে।
পাকিস্তানের প্রেসিডেন্ট আশা প্রকাশ করেন, ঢাকার নতুন রাজনৈতিক পরিবেশ এতদঞ্চলজুড়ে আরও ‘ভারসাম্যপূর্ণ, স্বাধীন ও পারস্পরিক শ্রদ্ধাভিত্তিক সম্পৃক্ততা’ গড়ে তুলতে সহায়ক হবে।
এদিকে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, নির্বাচনে বিজয় নিশ্চিত করায় বিএনপি ও তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। বাংলাদেশের জনগণকেও অভিনন্দন জানিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে শাহবাজ শরিফ লেখেন, ‘বাংলাদেশের সংসদ নির্বাচনে বড় ধরনের বিজয় অর্জন করায় আমি তারেক রহমানকে অভিনন্দন জানাচ্ছি। নির্বাচন সফল করায় বাংলাদেশের জনগণকেও অভিনন্দন জানাই।’
শাহবাজ আরও লেখেন, ‘আমি বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চাই; যেন আমাদের ঐতিহাসিক দ্বিপক্ষীয় সম্পর্ক আরও দৃঢ় হয় এবং দক্ষিণ এশিয়া ও এর বাইরে শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের ক্ষেত্রে আমাদের অভিন্ন লক্ষ্য এগিয়ে নেওয়া যায়।’
Posted ১২:২১ অপরাহ্ণ | শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
Weekly Bangladesh | Weekly Bangladesh