বাংলাদেশ রিপোর্ট : | বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
এআই দ্বারা নির্মিত ছবি
আগামী মাস (সেপ্টেম্বর ২০২৬) থেকে পরিবর্তন আসছে গ্রিন কার্ড এবং নন-ইমিগ্রান্ট স্ট্যাটাসে যুক্তরাষ্ট্রে বসবাসরত অভিবাসীদের নতুন ওয়ার্ক পারমিটের আবেদন বা মেয়াদ বৃদ্ধির আবেদন ফরমে। এছাড়া ভিজিটর, শিক্ষার্থী ও শিক্ষার্থীদের স্বামী-স্ত্রী ও সন্তানদের যুক্তরাষ্ট্রে অবস্থানের মেয়াদ বৃদ্ধি এবং স্ট্যাটাস অ্যাডজাস্টমেন্টের জন্য আবেদন করার ফরমেও পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছে ইউএস সিটিজেনশিপ এন্ড ইমিগ্রেশন সার্ভিসেস (ইউএসসিআইএস)। এর ফলে কয়েক লাভ অভিবাসী যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন দফতরের কাগজপত্রের ফাঁদে পড়তে যাচ্ছেন।
পরিবর্তন ঘটবে তিনটি ফরমে, যেগুলো যুক্তরাষ্ট্রে অভিবাসনের ক্ষেত্রে সবচেয়ে অধিক ব্যবহৃত ফরম হিসেবে বিবেচিত। এগুলো হচ্ছে, স্ট্যাটাস অ্যাডজাস্টমেন্টে জন্য ‘ফরম আইÑ৫৩৯’; ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করার জন্য ‘ফরম আই-৭৬৫,’ যেটির অফিসিয়াল নাম ‘এমপ্লয়মেন্ট অথরাইজেশন ডকুমেন্ট’ বা সংক্ষেপে ‘ইএডি,’ এবং গ্রিন কার্ড বা যুক্তরাষ্ট্রের বৈধ স্থায়ী বাসিন্দার মর্যাদা লাভের জন্য ্আবেদন করার জন্য ‘ফরম আই-৪৮৫’।
পুরোনো আবেদন ফরমগুলোর সময়সীমা শেষ হয়ে গেলে কেউ যদি ভুলবশতও সেগুলো পূরণ করে ইউএসসিআইএস এ পাঠান, তাহলে সেগুলো বিবেচনা না করে আবেদনকারীর কাছে ফেরত পাঠাবে। তাকে আবার নতুন করে নতুন ফরমে আবেদন করতে হবে। অতএব, যারা অভিবাসন প্রক্রিয়ার সংশ্লিষ্ট পর্যায়গুলোর জন্য আবেদন করতে আগ্রহী, তাদের সতর্কতার সঙ্গে ফরমের ওপরে মুদ্রিত তারিখ দেখে আবেদন করতে হবে। এতে আবেদনকারীর অহেতুক কয়েক সপ্তাহ অতিরিক্ত সময় লেগে যাবে। আগামী সেপ্টেম্বরের (২০২৬) মাঝামাঝি সময় থেকে উল্লিখিত তিনটি নতুন আবেদন ফরম কার্যকর হবে। পুরোনো সংস্করণগুলো আর গ্রহণ করবে না।
গ্রিন কার্ডের জন্য আবেদনের নতুন ফরম আই-৪৮৫ ইস্যু করা হবে আগামী ১৮ সেপ্টেম্বর থেকে, যেটি জানুয়ারি ২০২৫ থেকে ব্যবহৃত সংস্করণের স্থলাভিষিক্ত হচ্ছে। নতুন আবেদন ফরমে এমন কিছু প্রশ্ন যুক্ত হতে যাচ্ছে, যার মাধ্যমে মূল্যায়ন করা হবে যে, আবেদনকারী ভবিষ্যতে গ্রিনকার্ড লাভ করলে তার ‘পাবলিক চার্জ’ সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হওয়ার সম্ভাবনা আছে কি না, তা মূল্যায়ন করা হবে। এ সম্পর্কে বর্তমান ফরমে দুটি আলাদা প্রশ্ন রয়েছে, একটি হচ্ছে, আবেদনকারী কর্তৃক অতীতে নেওয়া নগদ সহায়তা সম্পর্কিত এবং অন্যটি দীর্ঘমেয়াদি প্রাতিষ্ঠানিক সেবাগ্রহণ পরিচর্যা সম্পর্কিত। নতুন ফরমে প্রশ্ন দুটিকে একটি প্রশ্নে করে জানতে চাওয়া হচ্ছে আবেদনকারী কখনো তার নিম্ন আয়ের কারণে সরকারি কোনো সুবিধা গ্রহণ করেছেন কি না, এবং যদি গ্রহণ করে থাকেন, সেসব সুবিধার ধরন, কবে তা গ্রহণ করেছেন, কি পরিমাণ অর্থ গ্রহণ করেছেন, তা বিস্তারিত জানাতে হবে। অর্থ্যাৎ আবেদনকারীকে প্রমাণ তার আয় ও সম্পদের পরিমাণ নির্দিষ্ট আয় ও সম্পদসীমার নিচে ছিল এবং সে কারণে তাকে সরকারি সহায়তা গ্রহণ করতে হয়েছে।
শ্বেতাঙ্গ দক্ষিণ আফ্রিকানদের জন্য সুযোগ
ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতিতে যুক্তরাষ্ট্রে নতুন করে অভিবাসী বা শরণার্থী গ্রহণ ক্ষেত্র বিশেষে বন্ধ এবং সাধারণভাবে হ্রাস করা হয়েছে, কিন্তু একই সঙ্গে শ্বেতাঙ্গ দক্ষিণ আফ্রিকানদের যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ অবারিত করেছে।
প্রশাসন বারবার দক্ষিণ আফ্রিকায় ‘শেতাঙ্গ গণহত্যা’ চলছে বলে অভিযোগ তুলছে। অবশ্য দক্ষিণ আফ্রিকা সরকার যুক্তরাষ্ট্রের অভিযোগকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের পরিসংখ্যান অনুযায়ী ২০২৫ সালের অক্টোবর থেকে ২০২৬ সালের জুলাই মাসের মধ্যে দক্ষিণ আফ্রিকা থেকে ১০ হাজারের অধিক শরণার্থী যুক্তরাষ্ট্রে এসেছে। উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার মোট জনসংখ্যার ৭.৩০ শতাংশ অর্থ্যাৎ ৪৫ লাখের বেশি শ্বেতাঙ্গ। ট্রান্সভাল এগ্রিকালচার ইউনিয়নের রিপোর্ট অনুযায়ী ১৯৯০ থেকে ২০২৪ সাল পর্যন্ত সময়ে দক্ষিণ আফ্রিকায় স্থায়ীভাবে বসবাসরত ১,৩৬৩ জন শ্বেতাঙ্গ কৃষককে হত্যা করা হয়েছে।
Posted ১১:৫৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
Weekly Bangladesh | Weekly Bangladesh