বাংলাদেশ রিপোর্ট : | বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
বাংলাদেশ সোসাইটির আসন্ন নির্বাচনের তারিখ পরিবর্তন করা হয়েছে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার কারণে। পূর্বঘোষিত ১৮ অক্টোবরের পরিবর্তে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৫ অক্টোবর। এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ সোসাইটির নির্বাচন কমিশনের চেয়ারম্যান আবু নাসের।

তিনি জানান, আগে ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৮ অক্টোবর বাংলাদেশ সোসাইটির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে ওই সময় হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা থাকায় নির্বাচনের তারিখ পরিবর্তনের জন্য হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরা নির্বাচন কমিশনের কাছে আবেদন জানান।আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সোসাইটির কার্যকরী কমিটি, বোর্ড অব ট্রাস্টিজ এবং নির্বাচন কমিশনের যৌথ সভা অনুষ্ঠিত হয়। গত ১৮ আগস্ট সন্ধ্যায় সোসাইটির কার্যালয়ে অনুষ্ঠিত ওই সভায় সংশ্লিষ্টরা সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। পরে সবার সর্বসম্মতিক্রমে নির্বাচনের নতুন তারিখ ২৫ অক্টোবর নির্ধারণ করা হয়।
যৌথসভায় বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শাহ নেওয়াজসহ অন্যান্য ট্রাস্টিগণ, প্রধান নির্বাচন কমিশনার আবু নাসেরসহ অন্যান্য কমিশনারগণ এবং সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীসহ কার্যকরী কমিটির অধিকাংশ কর্মকর্তা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে নির্বাচন কমিশনের চেয়ারম্যান আবু নাসের বলেন, নির্বাচন পিছিয়ে আগামী ২৫ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। নির্বাচনের তারিখ পরিবর্তনের পাশাপাশি তফসিলের অন্যান্য তারিখেও পরিবর্তন আনা হয়েছে।
১৮ আগস্ট মঙ্গলবার ছিল সদস্য যাচাই-বাছাইয়ের শেষ দিন। তবে সদস্যদের দাবির পরিপ্রেক্ষিতে এই তারিখও পরিবর্তন করে আগামী ২৫ আগস্ট মঙ্গলবার পর্যন্ত বাড়ানো হয়েছে। এই তারিখের মধ্যে বাংলাদেশ সোসাইটির ওয়েবসাইট ও অফিসে এসে সদস্য তথ্য যাচাই ও সংশোধন করা যাবে। সংশোধিত তফসিল অনুযায়ী আগামী ২ সেপ্টেম্বর মনোনয়নপত্র বিতরণ করা হবে এবং ৬ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা নেওয়া হবে। মনোনয়নপত্র বাছাই ৭ সেপ্টেম্বর। আপিল করা যাবে ৮ সেপ্টেম্বর। মনোনয়ন প্রত্যাহার ৯ সেপ্টেম্বর এবং চূড়ান্ত প্রার্থী তালিকা ১০ সেপ্টেম্বর প্রকাশ করা হবে। নির্বাচনে প্রার্থীতার শর্ত ও বিধিমালা অপরিবর্তিত থাকবে।
Posted ১১:১১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
Weekly Bangladesh | Weekly Bangladesh