বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

সিনেট ও হাউজে রিপাবলিকানদের জয় : সরকারে ভারসাম্যহীনতার আশংকা

ডা. ওয়াজেদ খান :   |   বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪

সিনেট ও হাউজে রিপাবলিকানদের জয় : সরকারে ভারসাম্যহীনতার আশংকা

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তিনি ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিসকে পরাজিত করেছেন বড় ব্যবধানে। ট্রাম্পের হোয়াইট হাউজ জয় দেশটির ১২০ বছরের ইতিহাসে একটি অনন্য ঘটনা। ট্রাম্প নির্বাচনে জিতে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বিশ্বের সবচেয়ে শক্তিধর ব্যক্তি হিসেবে। অপরদিকে রাষ্ট্রের মূল তিনটি স্তম্ভ আইন, বিচার ও নির্বাহী বিভাগেও তিনি এবং তার দলের শতভাগ কর্তৃত্ব প্রতিষ্ঠা নিশ্চিত করেছেন। তার আগামী শাসনামলে যুক্তরাষ্ট্র সরকার ও রাজনীতিতে সৃষ্টি করতে পারে ভয়াবহ ভারসাম্যহীনতা।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনই নয়, ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি নজিরবিহীনভাবে ১১৯তম ইউএস কংগ্রেসেও করেছে বাজিমাত। কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট ও নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসেও সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে তাঁর দল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোনো প্রেসিডেন্টই আসতে পারেনি এ ধরনের সুবিধাজনক অবস্থানে। সিনেটে এরই মধ্যে ৫২টি আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে রিপাবলিকান পার্টি। দলটির সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ৫১টি আসন। নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসেও সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পথে দলটি। হাউসে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ২১৮টি আসনের মধ্যে রিপাবলিকানরা নিশ্চিত করেছে ২০০টি আসন।

কেবল ইউএস কংগ্রেসে নয়, ট্রাম্পের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হতে যাচ্ছে বিচার বিভাগেও। ট্রাম্পের জয় এবং কংগ্রেসে তাঁর দলের সংখ্যাগরিষ্ঠতা, যুক্তরাষ্ট্র সরকারে এবং রাজনীতিতে সৃষ্টি করবে ভারসাম্যহীনতা। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে এবং বহির্বিশ্বে দুই জায়গাতেই এর ব্যাপক প্রভাব পড়বে। যুক্তরাষ্ট্রের আইনসভা, নির্বাহী এবং বিচার বিভাগে এই বিবেচনায় ডোনাল্ড ট্রাম্প পেতে যাচ্ছেন একচ্ছত্র আধিপত্য। কয়েক দশকের ইতিহাসে ট্রাম্পই এমন প্রেসিডেন্ট, যার হাতের মুঠোয় বন্দী হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র তো বটেই সারা বিশ্বের ইতিহাস বদলে দেওয়ার সক্ষমতা। এখন ডোনাল্ড ট্রাম জিতে আসায় অবশ্যম্ভাবী হয়ে উঠছে রাষ্ট্রীয় ক্ষমতায় ভারসাম্যহীনতা ।

যুক্তরাষ্ট্র সরকারে ক্ষমতার ভারসাম্যের জন্য ইউএস হাউজ ও সিনেট নির্বাচন গুরুত্বপূর্ণ।এবারের প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপাশি একই দিনক্ষণে ইউএস হাউজের ৪৩৫টি আসনের সবকটিতে অনুষ্ঠিত হয় নির্বাচন। যুক্তরাষ্ট্র কংগ্রেসের নিম্নকক্ষ হলো ইউএস হাউজ অব রিপ্রেসেন্টেটিভস। ইউএস সিনেট হলো উচ্চ কক্ষ। দু’বছরে মেয়াদকালের জন্য নির্বাচিত হাউজ সদস্যদেরকে বলা হয় কংগ্রেসম্যান। যুক্তরাষ্ট্রের সরকার ব্যবস্থায় আইন প্রণয়ন ও রাষ্ট্রীয় ভারসাম্য রক্ষার জন্য ইউএস হাউজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যিনিই প্রেসিডেন্ট নির্বাচিত হোন কেন হাউজে তার সংখ্যাগরিষ্ঠতা না পেলে তার পক্ষে আইনী এজেন্ডা বাস্তবায়ন করা অত্যন্ত কঠিন। ২০২২ সালের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি হ্উাজে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। হাউজে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ২১৮টি আসন। বর্তমান ১১৮তম কংগ্রেসের হাউজ রিপাবলিকান সদস্য সংখ্যা ২২০ জন। অপরদিকে ডেমোক্রেটদের সদস্য সংখ্যা ২১২ জন।

অপর দিকে ইউএস সিনেট হচ্ছে যুক্তরাষ্ট্র কংগ্রেসের উচ্চ কক্ষ। ৫০টি রাজ্য থেকে ২ জন করে মোট ১০০জন সিনেটর নিয়ে গঠিত। সাধারণের ভোটে নির্বাচিত সিনেটরদের মেয়াদকাল ৬ বছর। প্রতি দু’বছর অন্তর এক তৃতীয়াংশকে নির্বাচনে অবতীর্ন হতে হয় নতুন করে। এবার সিনেটের ৩৪টি আসনে অনুষ্ঠিত হয় নির্বাচন। ডেমোক্রেটিক পার্টি সিনেটে সংখ্যা গরিষ্ঠ দল। তাদের বর্তমান আসন সংখ্যা ৫১। এবারের নির্বাচনে অতিরিক্ত ৩টি আসনে জিতে সিনেটও দখলে নিলো রিপাবলিকানরা।

শুধু আইন বিভাগই নয় বিচার বিভাগের মূলকেন্দ্র সুপ্রীম কোর্টের ৯জন বিচারকের মধ্যে ৫জনই রিপাবলিকান। দেশটির ফেডারেল বিচার বিভাগের অধিকাংশ বিচারকও তাঁর আমলে নিয়োগ দেওয়া। ফলে এই বিচারকেরা কিছুটা হলেও কাজ করবেন ট্রাম্পের নীতির অনুকূলে। ্ট্রাম্প ইতোমধ্যেই ঘোষণা করেছেন নির্বাচিত হলে তিনি ২০২১ সালে ক্যাপিটল হিলে হামলাকারীদের সবাইকে দেয়া হবে দায়মুক্তি। সেই সাথে আদালতের আনুকুল্যে নিজেকে করবেন দায়মুক্ত। প্রথম মেয়াদে হোয়াইট হাউজে আসীন হওয়ার পর থেকেই নানাবিধ বিতর্কিত সিদ্ধান্ত নেন ডোনাল্ড ট্রাম্প। দেশ বিদেশে ব্যাপকভাবে সমালোচিত হন তিনি। তার জারিকৃত অনেক নির্বাহী আদেশ খারিজ করে দেন আদালত। সবকিছু মিলিয়ে তারপরও যুক্তরাষ্ট্র সরকারের মাঝে অটুট ছিলো ক্ষমতার ভারসাম্য। যা ‘চেকস এন্ড ব্যালান্সেস’ নামে পরিচিত।

যুক্তরাষ্ট্র সরকারের প্রধান তিনটি শাখা-আইন, নির্বাহী ও বিচার বিভাগ। আইন বিভাগ হলো ইউএস কংগ্রেস। এই বিভাগের কাজ হলো রাষ্ট্রের জন্য আইন প্রণয়ন করা। দ্বিতীয় হলো নির্বাহী বিভাগ। প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্টের মন্ত্রী পরিষদ নিয়ে গঠিত এ বিভাগ। কংগ্রেসে প্রণীত আইন কার্যকর করাই নির্বাহী বিভাগের মুখ্য কাজ। তৃতীয় হলো বিচার বিভাগ।

যা সুপ্রিম কোর্ট এবং দেশ ব্যাপী বিস্তৃত অন্যান্য ফেডারেল কোর্ট নিয়ে গঠিত। বিচার বিভাগ, সংবিধান ও আইন পর্যালোচনা করে সৃষ্ট সমস্যার সমাধান দিয়ে থাকে কোর্ট। যুক্তরাষ্ট্রের সংবিধান সরকারের প্রধান এই তিন স্তম্ভের মধ্যে সংযুক্ত করা হয়েছে চমৎকার ও কার্যকর এই ভারসাম্য বজায় রাখার নীতি। সংবিধানের ১নং ধারায় ২৩৫ বছর আগে ১৭৮৭সালে ‘চেকস এন্ড ব্যালেন্সেস’ সন্নিবেশিত করা হয়। আইনের শাসন, গণতন্ত্র ও সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করতেই এমন সিদ্ধান্ত নেন যুক্তরাষ্ট্রের ফাউন্ডিং ফাদারগণ।সরকারের ক্ষমতার ভারসাম্য প্রসঙ্গে অন্যতম ফাউন্ডিং ফাদার জেমস ম্যাডিসন এক মন্তব্যে বলেন, “মানুষ ফেরেশতা হলে রাষ্ট্রে কোন সরকারের প্রয়োজন হতো না।” এ কারণেই সরকারে অপরিহার্য হয়ে উঠে ক্ষমতার ভারসাম্যের বিষয়টি। যুক্তরাষ্ট্র সরকার ব্যবস্থায় আইন, নির্বাহী ও বিচার বিভাগ নিজ নিজ এখতিয়ারভুক্ত ক্ষমতার বাইরে যেতে পারে না। কোন একটি শাখা ক্ষমতার অপব্যবহার করার চেষ্টা করলেই আটকে দেয় অপর দুই শাখা। যেমন প্রেসিডেন্টের একটি নির্বাহী আদেশ আটকে দিতে পারে আইন বিভাগ সিনেটের। আবার আইন বিভাগের প্রণীত একটি বিলে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানাতে পারেন প্রেসিডেন্ট। কংগ্রেসে গৃহীত আইন চূড়ান্ত পাশের ক্ষেত্রে প্রেসিডেন্টের স্বাক্ষর যেখানে প্রয়োজন। ভেটো শক্তি বলে প্রেসিডেন্ট স্বাক্ষর না করলে সেই বিল কংগ্রেসে সংখ্যাধিক্যের ভোটে গৃহীত হয়ে যাবে।

কংগ্রেসের পাশকৃত আইন জুডিশিয়াল রিভিউ ক্ষমতা বলে অসাংবিধানিক আখ্যা দিয়ে আটকে দিতে পারেন সুপ্রিম কোর্ট। আবার কংগ্রেস সংবিধানে সংশোধনী এনে অকার্যকর করতে পারে সুপ্রিম কোর্টের আদেশ। সুপ্রিম কোর্ট অসাংবিধানিক আখ্যা দিয়ে বাতিল করতে পারে প্রেসিডেন্টের নির্বাহী আদেশ। অথচ এই প্রেসিডেন্টই নিয়োগ দেন সুপ্রিম কোর্টের বিচারকদের।

আর এভাবেই সরকারে বজায় রাখা হয় ভারসাম্যতা। চেক্্স এন্ড ব্যালেন্সের প্রক্রিয়াকে প্রতীকি তুলনা করা হয় কাগজ, কাঁচি এবং পাথরের সাথে। এক্ষেত্রে আইন বিভাগকে কাগজ, নির্বাহী বিভাগকে কাঁচি এবং বিচার বিভাগকে তুলনা করা হয় পাথরের সাথে। যেমন আইন বিভাগের একটি বিলের কাগজে কাঁচি চালাতে পারেন প্রেসিডেন্ট। আবার সেই কাঁচিকে পাথর মেরে গুড়িয়ে দেয়ার ক্ষমতা রাখে কোর্ট। পক্ষান্তরে আইন বিভাগের কাগজ ক্ষমতা বলে ঢেকে দিতে পারে গোটা পাথরকে। রাষ্ট্রীয় ক্ষমতায় ভারসাম্যহীনতার কারণে দেশে দেশে সরকার ও রাষ্ট্রপ্রধানগণ হয়ে উঠেন স্বেচ্ছাচারী। ফলে রাষ্ট্রে কায়েম হয় এক নায়কতন্ত্র ও ফ্যাসিবাদ। এক ব্যক্তিই নিয়ন্ত্রণ করেন সবকিছু। আইনের শাসন, গণতন্ত্র ও সামাজিক ন্যায়বিচার বঞ্চিত হয় দেশের মানুষ। রাজনৈতিক কারণে সুপ্রিম কোর্টের অভ্যন্তরে ভারসাম্যহীনতা কাজ করলে তা গোটা জাতির জীবনে টানতে পাওে দীর্ঘমেয়াদী বিভক্তি রেখা।

Posted ১২:৪৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.