নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
বাংলাদেশ সোসাইটি ইনকের আসন্ন নির্বাচনকে সামনে রেখে সদস্যদের তথ্য যাচাই ও সংশোধনের জন্য বিশেষ বিজ্ঞপ্তি দিয়েছে সংগঠনটি। আগামী ১৮ অক্টোবর রোববার অনুষ্ঠেয় নির্বাচনের আগে চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুতের অংশ হিসেবে সদস্যদের নাম, ঠিকানা, জিপ কোডসহ প্রয়োজনীয় তথ্য যাচাই করে নেওয়ার আহ্বান জানানো হয়েছে। সোসাইটির বিজ্ঞপ্তি অনুযায়ী, সদস্য তালিকার তথ্য যাচাই ও সংশোধনের শেষ সময় আগামী ১৮ আগস্ট মঙ্গলবার বিকেল ৫টা। নির্ধারিত সময়ের পর সদস্য তালিকায় কোনো ধরনের সংযোজন, বিয়োজন, অন্তর্ভুক্তি বা সংশোধনের আবেদন গ্রহণ করা হবে না।
বাংলাদেশ সোসাইটির আসন্ন নির্বাচন উপলক্ষে গত ৩০ জুন সদস্য নিবন্ধনের নির্ধারিত সময়সীমা শেষ হয়েছে। ওই সময়ের মধ্যে যারা সদস্য হিসেবে নিবন্ধন সম্পন্ন করেছেন, তাদের প্রত্যেককে প্রকাশিত সদস্য তালিকার সঙ্গে নিবন্ধন ফরমে দেওয়া তথ্য সতর্কতার সঙ্গে মিলিয়ে দেখার অনুরোধ জানিয়েছে সোসাইটি। সদস্যরা অনলাইনে বাংলাদেশ সোসাইটির সদস্যসেবা ওয়েবসাইটে গিয়ে সদস্যপদ ও তথ্য যাচাই করতে পারবেন। পাশাপাশি সরাসরি সোসাইটির কার্যালয়ে উপস্থিত হয়েও নিবন্ধন ফরমে দেওয়া তথ্যের সঙ্গে প্রকাশিত সদস্য তালিকার তথ্য মিলিয়ে দেখা যাবে। সোসাইটির কার্যালয় ৮৬-২৪ হুইটনি অ্যাভিনিউ, এলমহার্স্ট, নিউইয়র্ক ১১৩৭৩। বিজ্ঞপ্তিতে বিশেষভাবে সদস্যদের নাম ও নামের বানান, জন্মসাল, বর্তমান ঠিকানা, জিপ কোড এবং অন্যান্য ব্যক্তিগত তথ্য সঠিক রয়েছে কি না, তা নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে।
এবারের নির্বাচনে ভোটগ্রহণ একাধিক ভোটকেন্দ্রে অনুষ্ঠিত হবে। কোন সদস্য কোন কেন্দ্রে ভোট দেবেন, তা নির্ধারিত হবে তার নিবন্ধন ফরমে দেওয়া ঠিকানা ও জিপ কোড-এর ভিত্তিতে। এ কারণে সঠিক ঠিকানা ও জিপ কোড নিশ্চিত করার দায়িত্ব সদস্যদের নিজেদেরই বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। কোনো বৈধ সদস্যের নাম প্রকাশিত সদস্য তালিকায় না থাকলে, তিনি নির্ধারিত সময়সীমার মধ্যে সদস্যপদের প্রমাণ হিসেবে প্রয়োজনীয় কাগজপত্র, যেমন সদস্যপদের রসিদ দাখিল করে তালিকায় অন্তর্ভুক্তির আবেদন করতে পারবেন। যাচাই-বাছাই শেষে প্রমাণ সন্তোষজনক হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া প্রকাশিত তালিকার তথ্যের সঙ্গে নিবন্ধন ফরমে দেওয়া তথ্যে কোনো অসঙ্গতি, ভুল বা ত্রুটি পাওয়া গেলে ১৮ আগস্ট বিকেল ৫টার মধ্যে সোসাইটির সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ অথবা সাংগঠনিক সম্পাদকের সঙ্গে যোগাযোগ করে সংশোধনের ব্যবস্থা নিতে বলা হয়েছে। বাংলাদেশ সোসাইটি স্পষ্ট করেছে, নির্ধারিত সময়সীমা পার হওয়ার পর শুধু সদস্য তালিকাই নয়, নির্বাচনের দিন ভোটকেন্দ্র, ঠিকানা, জিপ কোড, সদস্যপদ বা নিবন্ধনসংক্রান্ত কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের আবেদনও গ্রহণ করা হবে না।
Posted ২:২৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
Weekly Bangladesh | Weekly Bangladesh
(3112 বার পঠিত)
(2681 বার পঠিত)