বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টা নিয়ে বিতর্ক

  |   বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪

অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টা নিয়ে বিতর্ক

ফ্যাসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনার ভারতে পলায়ন এবং অন্তবর্তীকালীন সরকারের তিন মাস অতিক্রান্ত হওয়ার পরও সরকার এখন পর্যন্ত দিশেহারা অবস্থার মতো আছে বলে মনে হচ্ছে। এখন পর্যন্ত তাদের পক্ষে বাংলাদেশের জানা ইতিহাসের সবচেয়ে নৃশংস শাসকের দোসররাই প্রশাসনের প্রতিটি পর্যায়ে কলকাঠি নাড়িয়ে যাচ্ছে। সরকারের খোলসটাই শুধু বদলেছে, কারণ সরকারের প্রতিটি সিদ্ধান্ত এমনভাবে গৃহীত ও বাস্তবায়িত হচ্ছে, তাতে সুস্পষ্টভাবে বুঝা যায় যে জুলাই-আগস্ট বিপ্লবের উদ্দেশ্য পূরণ হতে এখনো অনেক বাধা আছে। ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসররা কি ষড়যন্ত্র করে বিপ্লবের ফসল হিসেবে ক্ষমতায় আসীন সরকারের কাজের গতি মন্থর করে দিচ্ছে। স্বৈরশাসনের কবল থেকে মুক্ত হতে ইতিহাসের কোথাও এত অল্প সময়ে এত অধিক সংখ্যক তরুণের ও সাধারণ মানুষের আত্মত্যাগের কোনো দৃষ্টান্ত নেই। তা সত্বেও বিপ্লবের আদর্শ বাস্তবায়নে অন্তবর্তী সরকারের দ্বিধা হাজারো শহীদের রক্তের প্রতি বিশ্বাসঘাতকতার শামিল। জনগণ হতাশ ও ক্ষুব্ধ হয়ে উঠছে সরকারের ওপর।

ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনার উস্কানিমূলক টেলিফোন বার্তা সামাজিক মাধ্যমে ফাঁস হয়ে নিষিদ্ধ ছাত্রলীগসহ গুম-খুনের হোতারা রাজপথে নামার দু:সাহস দেখাচ্ছে। ছাত্র-জনতা অতন্দ্র প্রহরী হয়ে রাজপথে তাদের প্রতিহত করছে। রক্তাক্ত গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে পতিত স্বৈরাচারের দোসররা যখন প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থেকে গোপন এজেন্ডা বাস্তবায়নে এখনো তৎপরতা চালাচ্ছে, তখন নতুন করে তিন জন উপদেষ্টা নিয়োগ নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে। তাদের মধ্যে দুই জনের বিরুদ্ধে আওয়ামী ফ্যাসিবাদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ তুলেছে বৈষম্যবাদী ছাত্র-আন্দোলনসহ অন্যান্য সংগঠন ও রাজনৈতিক দল। চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সারোয়ার ফারুকী এবং ব্যবসায়ী শেখ বশিরউদ্দিনের সাথে শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারের সংশ্লিষ্টতা ও সমর্থনের কারণে তাদেরকে অর্ন্তবর্তী সরকারের উপদেষ্টা নিযুক্ত হওয়ায় ছাত্র-জনতা ক্ষুব্ধ হয়ে উঠেছে। ছাত্র-জনতার অংশীদারিত্বহীন নিয়োগ প্রক্রিয়ায় বিপ্লবের চেতনায় গঠিত উপদেষ্টা পরিষদে ফ্যাসিবাদের দোসরদের নিয়োগদানকে শহীদদের রক্তের সঙ্গে বেইমানি বলে বর্ণনা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

প্রয়োজনীয় সংস্কার শেষে অর্ন্তবর্তী সরকার জাতীয় নির্বাচনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এ কথা অনস্বীকার্য, স্বল্প সমে প্রায় ১৬ বছরে ফ্যাসিস্ট শেখ হাসিনার গড়ে তোলা জনপ্রশাসন, পুলিশ, র‌্যাব, আদালতসহ সর্বত্র ছড়িয়ে থাকা তার দোসরদের অপসারণ করা সহজ কাজ নয়। তবে অর্ন্তবর্তী সরকারের প্রথম ও প্রধান দায়িত্ব হচ্ছে, গণবিপ্লবের চেতনাকে ধারণ করে দ্রুত সংস্কার করা। এর মাঝে নতুন উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে বিগত সময়ে স্বৈরাচার-ফ্যাসিবাদ সংশ্লিষ্টতার তকমাযুক্ত ব্যক্তিরা কিভাবে নিয়োগ পায়, সে প্রশ্ন বড় হয়ে দেখা দিয়েছে। জনগণ যৌক্তিক সময়ের মধ্যে একটি ইতিবাচক পরিবর্তন দেখতে চায়। তারা ছাত্র-জনতার বিপ্লবের চেতনাবিরোধী কিংবা ফ্যাসিবাদের সাথে আপসকামী কাউকে উপদেষ্টা পরিষদে দেখতে চায় না। ছাত্রদের রক্তের উপর দিয়ে ফ্যাসিবাদ ও আওয়ামী লীগ পুর্নবাসনের অভিযোগ অগ্রাহ্য করার সুযোগ নেই। তারা কিভাবে, কোন মানদন্ডে নিয়োগ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে স্পষ্ট করতে হবে এবং এ ধরনের ব্যক্তিদের দায়িত্ব প্রদান করা থেকে সতর্ক থাকতে হবে। তা না হলে ছাত্র-জনতার বিপ্লবের চেতনা বিরোধীদের অর্ন্তবর্তী সরকারে জায়গা করে দেয়ার কারণে ছাত্র-জনতা আবারো রাজপথে নেমে আসতে পারে। তখন পরিস্থিতি আরো জটিল হয়ে উঠতে পারে।

জনগণ বারবার রক্তক্ষয় দেখতে চায় না, তারা সুখী মানুষ ও সমৃদ্ধ দেশ দেখতে চায়। কিন্তু যারাই ক্ষমতায় আসছে তারা নিজেদের দুর্বলতার কারণে নতুন নতুন সংকট সৃষ্টি করছে। যা চিরদিনের জন্য মেনে নিতে পারে না জনগণ। উপদেষ্টা নিয়োগ নিয়ে এ ধরনের বিতর্ক কোনোভাবে কাম্য হতে পারে না। এতে সরকারের কাজের গতি কমে যাওয়ার শঙ্কা রয়েছে। ছাত্র-জনতার রক্তক্ষয়ী অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর অর্ন্তবর্তী সরকারের উপর সংস্কারের গুরু দায়িত্ব অর্পিত হয়েছে। ড. মুহাম্মদ ইউনূস এই সরকারের প্রধান উপদেষ্টা হওয়ায় অর্ন্তবর্তী সরকারের কাছে মানুষের প্রত্যাশা অনেক বেশি। জনগণের প্রত্যাশিত পরিবর্তনকে বাস্তবায়িত করতে যে ধরণের শিক্ষা, মেধা, যোগ্যতা, অভিজ্ঞতা ও কর্মদক্ষতা সম্পন্ন ব্যক্তি থাকা দরকার তা নিশ্চিত করতে হবে। বির্তকিত ব্যক্তিদের উপদেষ্টা নিয়োগ নিয়ে ছাত্র-জনতার বিক্ষোভ ও অসন্তোষ নিরসনে তাঁকেই উদ্যোগী হতে হবে।

Posted ১২:৪৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদকীয়

(5462 বার পঠিত)

সম্পাদকীয়

(2020 বার পঠিত)

ঈদ মোবারক

(1592 বার পঠিত)

সম্পাদকীয়

(1316 বার পঠিত)

সম্পাদকীয়

(1146 বার পঠিত)

সম্পাদকীয়

(1121 বার পঠিত)

সম্পাদকীয়

(1009 বার পঠিত)

বিদায় ২০২০ সাল

(975 বার পঠিত)

ঈদ মোবারক

(904 বার পঠিত)

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.