বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

গণভোট প্রশ্নে রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল আচরণ কাম্য

  |   বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

গণভোট প্রশ্নে রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল আচরণ কাম্য

জাতীয় নির্বাচন আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হওয়ার কথা। এক দিকে নির্বাচনী ডামাডোলের মধ্যে কোনো দলের অভ্যন্তরীণ কোন্দলে হত্যার শিকার হচ্ছে দলীয় নেতাকর্মী। অন্য দিকে পতিত ফ্যাসিবাদী দল আওয়ামী লীগও মরিয়া হয়ে উঠেছে নাশকতার মাধ্যমে অস্থিতিশীলতা সৃষ্টি করে ফায়দা লুটতে। সেই সাথে আছে সমাজবিরোধী অপরাধ চক্রের অপতৎপরতাও। আওয়ামী লীগের উৎখাতের পর দেশে সন্ত্রাসের রাজনীতির দিন ফুরিয়েছে। নাশকতা করে হাসিনার বিচার রদ করা বা ভণ্ডুল করার অপচেষ্টা সফল হবে না। কারণ আইনশৃঙ্খলা বাহিনী শুধু নয়, রাজনৈতিক দল এবং দেশের জনগণও এখন সতর্ক। বিগত ফ্যাসিবাদী সরকারের সময়ে সবচেয়ে বড় ভুক্তভোগী বিরোধী রাজনৈতিক দলগুলো।

বিশেষত বিএনপি-জামায়াতের সবধরনের অধিকার কেড়ে নেয়া হয়েছিল। বিরোধী দলগুলো আন্দোলন-সংগ্রাম করে হাসিনাকে পদচ্যুত করতে পারেনি। ছাত্র-জনতার মিলিত অভ্যুত্থান হাসিনাকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে। দেখা যাচ্ছে, রাষ্ট্র সংস্কারে ফ্যাসিবাদবিরোধী প্রধান রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হতে পারছে না। গণভোট প্রশ্নে একে-অপরের মধ্যে বিরোধ বাড়ছে। অন্তর্বর্তী সরকার তাদের একমত হওয়ার আহ্বান জানিয়ে সময় বেঁধে দিয়েছে। দেশবাসীও চায় দলগুলো দেশের স্বার্থে ঐকমত্যে পৌঁছাক। কিন্তু প্রধান দলগুলোর মধ্যে সংস্কার বাস্তবায়ন নিয়ে একমত হওয়ার বদলে মতানৈক্য তীব্র হচ্ছে। এতে করে ফ্যাসিবাদমুক্ত একটি রাষ্ট্র গঠনের সুযোগ হাতছাড়া হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। সাধারণ মানুষ রাজনৈতিক দলের একগুঁয়ে আচরণে উদ্বিগ্ন। হাসিনা সংবিধানের দোহাই দিয়ে নিজের সব অবৈধ কর্মকাণ্ড জায়েজ করেছেন। তার কাছে প্রকৃতপক্ষে সংবিধানের কোনো মূল্য ছিল না। এ দিকে বৈধ উপায়ে তাকে ক্ষমতা থেকে হটানোর কোনো উপায় তিনি রাখেননি। সঙ্গত কারণে তার পরিণতি নির্ধারিত হয় ছাত্র-জনতার অভ্যুত্থানে। অভ্যুত্থান-পরবর্তী গঠিত অন্তর্বর্তী সরকার সুপ্রিম কোর্টের একটি রেফারেন্সে গঠিত হলেও সংবিধানে এর কোনো নির্দেশনা নেই। এ অবস্থায় দলগুলোর মধ্যে বিরোধ দেখা দিয়েছে পুরনো সংবিধানের মান্যতা নিয়ে। বাস্তবে এ সরকারের ভিত্তি রচিত হয়েছে রাজপথে জনসম্মতিতে। যেখানে এক হাজার ৪০০ মানুষ প্রাণ দিয়েছেন, ২০ হাজারের বেশি মানুষের অঙ্গহানি হয়েছে। যে সংবিধানের নিজের বৈধতা নিয়ে এখন নানা মহল থেকে প্রশ্ন তোলা হচ্ছে, সেই সংবিধানকে অপরিবর্তণীয় মনে করা হলে জুলাই বিপ্লব গুরুত্ব হারায়। এই বিষয়টি আমাদের মধ্যে অনেকে না বোঝার ভান করছেন।

অকাতরে প্রাণদানকে যদি মেন্ডেট হিসেবে নেয়া না হয়; তাহলে অভ্যুত্থানকারী ছাত্র-জনতা ও অন্তর্বর্তী সরকারের কারো বৈধতা থাকে না। অওয়ামী লীগ ও পাশের দেশ ছক কষছে কিভাবে বিপ্লবের অর্জন ভণ্ডুল করা যায়। কোনো একটি উপায়ে তারা যদি ক্ষমতা আবার করায়ত্ত করতে পারে তাহলে মুক্তিকামী জনতার জীবন আবারো বিপন্ন হবে। বিএনপি-জামায়াতও কম বিপদগ্রস্ত হবে না। এখন বিরোধের মূল জায়গা হচ্ছে গণভোটের সময় নিয়ে। যে গণভোটের মাধ্যমে বিপুল সংস্কার ও অন্তর্বর্তী সরকার বৈধতা পাবে। এ দিকে উচ্চকক্ষের যে বিধান করা হয়েছে সেখানে পিআরের ভিত্তিতে সদস্য বাছাইয়ের নিয়ম করা হয়েছে। নিম্নকক্ষের নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোকে সেই তালিকা প্রকাশ করতে হবে। একই দিন গণভোট আয়োজন করা হলে চলমান সরকারে বৈধতা, উচ্চকক্ষের নির্বাচনসহ নানা জটিলতা তৈরি হবে। বিপ্লবের চেতনা রক্ষা ও আগামীর বাংলাদেশ নিরাপদ করতে হলে আগে গণভোট আয়োজনের বিকল্প নেই। সমঝোতা প্রতিষ্ঠার উদ্যোগ হিসেবে জামায়াত ইতোমধ্যে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছে। এমনকি তারা জানিয়েছে, বিএনপি যদি তাদের সমঝোতা প্রতিষ্ঠায় আহ্বান জানায়; তাহলেও তারা বিএনপির আহ্বানে সাড়া দেবে। গণতন্ত্র মঞ্চসহ ৯ দলের পক্ষ থেকেও সবাইকে নিয়ে সমঝোতায় পৌঁছানোর উদ্যোগ নেয়া হয়েছে। বিএনপি এখনো কারো উদ্যোগে সাড়া দেয়নি। বিএনপি এখন সবচেয়ে বড় রাজনৈতিক দল, তাই দায়িত্বও বেশি। দলটির উচিত সব অংশীজনকে নিয়ে একসাথে বসে একটি ঐকমত্যে পৌঁছানো। তা না হলে কেউ নিরাপদ হতে পারবে না।

Posted ১১:৪০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদকীয়

(5462 বার পঠিত)

সম্পাদকীয়

(2020 বার পঠিত)

ঈদ মোবারক

(1592 বার পঠিত)

সম্পাদকীয়

(1316 বার পঠিত)

সম্পাদকীয়

(1146 বার পঠিত)

সম্পাদকীয়

(1121 বার পঠিত)

সম্পাদকীয়

(1009 বার পঠিত)

বিদায় ২০২০ সাল

(975 বার পঠিত)

ঈদ মোবারক

(904 বার পঠিত)

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.