| বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র ৫ দিন বাকি। ৬০ তম প্রেসিডেন্ট নির্বাচন আগামী ৫ নভেম্বর মঙ্গলবার। জর্জ ওয়াশিংটন থেকে জো বাইডেন, যুক্তরাষ্ট্রের ২৩৫বছরের ইতিহাসে ৫৯টি নির্বাচনে প্রেসিডেন্ট হয়েছেন ৪৬ জন। এ আমেরিকানরা এবার তাদের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত করতে যাচ্ছে। পাঁচ নভেম্বর অনুষ্ঠেয় এই নির্বাচন ঘিরে সারাদেশ জুড়ে চলছে টান টান উত্তেজনা। এ নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী কমালা হ্যারিস ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তাদের মাঝে লড়াই হবে হাড্ডাহাড্ডি।
এমন সংবাদ চাউর আছে নির্বাচনের ময়দানে। উভয় প্রার্থী এখন চষে বেড়াচ্ছেন দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্ত। ডেমোক্র্যাট ও রিপাবলিকান শিবিরের ভোটার ও সমর্থকরা প্রচারনা চালিয়ে যাচ্ছে যার যার অবস্থান থেকে। ধর্ম-বর্ণ নির্বিশেষে অভিবাসী আমেরিকানরাও মাঠে নেমেছে তাদের স্বার্থ ও অস্থিত্বের প্রশ্নে।
নির্বাচনের দিনক্ষণ যত ঘনিয়ে আসছে ভোটারদের নির্বাচনমুখী কর্মকান্ড ততই বাড়ছে। যুক্তরাষ্টের আভ্যন্তরীন ও চলমান অস্থির বিশ্ব পরিস্থিতির কারণে এবারের প্রেসিডেন্ট নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে মুসলিম অভিবাসীদের জন্য। এসব নিয়ে শুধু আমেরিকানরাই নয় গোটা বিশ্ববাসী রয়েছে ভীষন উদ্বেগ-উৎকন্ঠায়। কে হচ্ছেন পরবর্তী প্রেসিডেন্ট। প্রতি চার বছর অন্তর নভেম্বর মাসের প্রথম সপ্তাহের প্রথম সোমবারের পর মঙ্গলবার প্রথা মাফিক অনুষ্ঠিত হয়ে থাকে এই নির্বাচন। জাতীয় এই নির্বাচনে ভোটারগণ প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের পাশাপাশি গোটা দেশ জুড়ে ১১৯তম ইউএস কংগ্রেসের ৪৩৫ জন হাউজ অব রিপ্রেজেনটেটিভ এবং ইউএস সিনেটের ১০০ সদস্যের মধ্যে ৩৪ জনকে নির্বাচিত করবে এছাড়া গভর্নর নির্বাচিত করবে ১১টি রাজ্যে।
কমালা হ্যারিসের রানিংমেট বা ভাইস প্রেসিডেন্ট মিনেসোটা রাজ্যের গভর্নর টিম ওয়ালজ। পক্ষান্তরে রিপাবলিকান দলীয় প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আদালত কর্তৃক অভিযুক্ত ও বহুল বিতর্কিত ট্রাম্প ওহাইয়ো সিনেটর জে ডি ভেঞ্চকে বেছে নিয়েছেন ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৪ কোটি। তাদের মাঝে ডেমোক্র্যাট এবং রিপাবলিকান উভয় দলেরই ভোট ব্যাংকে রয়েছে নিবন্ধিত ভোটার। ডেমোক্র্যাট ও রিপাবলিকান শিবিরের প্রার্থীদ্বয় নির্বাচনী প্রচারণায় চষে বেড়াচ্ছেন বিশাল দেশটির বিভিন্ন রাজ্যের শহরগুলোতে।
বিভিন্ন ইস্যুতে প্রার্থীদের প্রচারণা এখন তুঙ্গে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে গত চল্লিশ বছরের মধ্যে এবার সবচেয়ে হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে। চূড়ান্ত ফলাফলে জয়ী হলে প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে ইতিহাস গড়বেন কমালা হ্যারিস। অ্যারিজোনা, জর্জিয়া, মিশিগান, নেভাদা, নর্থ ক্যারোলিনা, পেনসিলভেনিয়া ও উইসকনসিন এই সাতটি রাজ্যের ভোটারগণ দু’দোল্যমান অবস্থানে। নির্বাচনে এসব রাজ্যের ভোটাররা যে পার্টির দিকে ঝুকে সেই পার্টির প্রার্থীই বিজয়ী হন। রিয়েল ক্লিয়ার পলিটিক্সের সর্বশেষ জরিপে দেখা যাচ্ছে যেসব স্টেটগুলোর ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত জয়ী হবেন এবং যে সব স্টেটগুলোকে কমলা হ্যারিস নিশ্চিত জয়ী হবেন সেই সব স্টেটগুলো ইলেকট্রোরাল কলেজের ভোটের যোগ-বিয়োগে ডোনাল্ড ট্রাম্প পাবেন ২১৯ ইলেকট্রোরাল ভোট এবং কমলা হারিস পাবেন ২১৫ ইলেকট্রোরাল ভোট।
কোন প্রার্থীকে জয়ী হতে কমপক্ষে ২৭০ ইলেকট্রোরাল ভোট লাগবে। প্রেসিডেন্ট নির্বাচন ছাড়াও ৫নভেম্বর একই সাথে কংগ্রেসের লোয়ার হাউজ বা হাউজ অব রিপ্রেসেনটেটিভ এবং আপার হাউজ বা সিনেটের নির্বাচনও অনুষ্ঠিত হবে। সিনেটের এবার মোট ৩৩ আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই ৩৩ আসনে ১৯টিঁ হচ্ছে ডেমোক্র্যাট এবং মাত্র ১০ আসন হচ্ছে রিপাবলিকানদের। ৪ স্বতন্ত্র আসনও রয়েছে এবং সেগুলোতে সিনেট নির্বাচন অনুষ্ঠিত হবে। ৩ জন স্বতন্ত্র সিনেটর ডেমোক্র্যাট ককাসে যোগ দেয়ার কারণে এখন পর্যন্ত সিনেটে ডেমোক্র্যাটরা সংখ্যাগরিষ্ঠ।
প্রেসিডেন্ট হাউজ সিনেট নির্বাচন ছাড়াও ৫ নভেম্বর ১১টি স্টেটে গভর্ণর নির্বাচনসহ একইসাথে স্টেট বা রাজ্য আইন প্রণেতাদের নির্বাচন অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্র সরকারের প্রধান নির্বাহী প্রেসিডেন্ট সংবিধান ও কংগ্রেস কর্তৃক পাশকৃত আইন প্রয়োগ এবং সিনেটের অনুমোদন সাপেক্ষে সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতি, কেবিনেট মন্ত্রীসহ সামরিক ও বেসামরিক উচ্চ পদস্থ কর্মকর্তাদের নিয়োগ দিয়ে থাকেন। প্রধান আইন প্রণেতা হিসেবে প্রেসিডেন্ট কংগ্রেসে পাশকৃত বিলে যেমন ভেটো প্রয়োগের ক্ষমতা রাখেন। মঙ্গলবার সকাল ৬টায় নিউইয়র্কে ভোটারদের জন্য ভোট কেন্দ্র খুলে দেয়া হবে এবং রাত ৯টা পর্যন্ত ভোট করা হবে। নিউজার্সিতে ভোট কেন্দ্র খোলা হবে সকাল ৬টায় এবং ভোট গ্রহণ চলবে রাত ৮টা পর্যন্ত। কানেকটিকাটে সকাল ৬টায় ভোট কেন্দ্র খুলে দেয়া হবে এবং ভোট গ্রহন চলবে ৮টা পর্যন্ত।
Posted ১২:২৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh