| বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২৫
ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি অনবরত নানা ধরনের কান্ড ঘটিয়ে তিনি টক অব দি ওয়ার্ল্ডে পরিণত হয়েছেন। ট্রাম্পকে কেন্দ্র করে বৈশ্বিক আর্থিক, সামাজিক ইত্যাদি ক্ষেত্রে নানা সমীকরণ শুরু হয়েছে। ব্যবসায়ী থেকে রাজনৈতিক জীবনে বিচরণের পর তার কা-কীর্তি বৃদ্ধি পেয়েছে। এবার ক্ষমতাসীন হওয়ার পর তিনি শত ব্যস্ততার মধ্যেও কয়েকবার উত্তর কোরিয়ার একনায়ক কিমের খোঁজ-খবর নিয়েছেন। চীনের প্রেসিডেন্ট শিন জিন পিংয়ের সাথে টেলিফোনে কথা বলেছেন।
ট্রাম্প প্রচারকালে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান বিশ্বের প্রধান ধনী ও প্রযুক্তির গডফাদার ইলন মাস্ককে প্রার্থী করার ঘোষণা দিয়েছেন। যা’হোক, বিজয়ের পর থেকেই ট্রাম্প লঙ্কাকান্ড বৃদ্ধি করেছেন। তা মাত্রাতিরিক্ত পর্যায়ে পৌঁছতে চলেছে! তাতে আমেরিকাসহ সমগ্র বিশ্ব লন্ডভন্ড হতে চলেছে। তবুও ট্রাম্পের কান্ড থামছে না, বরং বেড়েই চলেছে! ট্রাম্পকান্ডের অতি গুরুত্বপূর্ণ কিছু বিষয় বর্ণনা করা হলেই বিষয়টি প্রমাণিত হবে। ট্রাম্প শপথ নিয়েই বলেছেন, ‘আমেরিকার স্বর্ণযুগ শুরু হলো’। তিনি ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পরপরই নতুন মন্ত্রিসভা গঠনসহ নির্বাহী আদেশে প্রশাসনে ব্যাপক রদবদল করা ছাড়াও ইসরাইল ও মিশর ছাড়া সব দেশের সহায়তা কাজকর্ম স্থগিত করেছেন।
এছাড়া, প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের পরই এক নির্বাহী আদেশে ট্রাম্প মেক্সিকো সীমান্তে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করে সীমান্তে বহু সেনা মোতায়েন, কংগ্রেসের বিদ্রোহীদের সাধারণ ক্ষমাসহ ২০২১ সালের জানুয়ারিতে ক্যাপিটাল হিলে হামলায় জড়িত ১৫শ ব্যক্তিকে ক্ষমা করেছেন। তিনি যুক্তরাষ্ট্রভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি স্টার গেট গঠনের ঘোষণা দিয়ে বলেছেন, এই কোম্পানি ৫০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে কৃত্রিম বুদ্ধিমত্তা অবকাঠামোতে। ট্রাম্প জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার বাতিল করে দিয়েছেন, যা আদালত স্থগিত করেছে। কিন্তু সাধারণ মানুষ যুক্তরাষ্ট্রে অভিবাসী হওয়ার সুযোগ না পেলে দেশটির সাধারণ কাজ চলবে কীভাবে? ট্রাম্প ঘোষণা করেছেন, ১ ফেব্রুয়ারি থেকে মেক্সিকো এবং কানাডা থেকে পণ্য আমদানির উপর ২৫% শুল্ক আরোপ করবেন। উপরন্তু প্রত্যার্পণ প্রক্রিয়ায় যথাযথ সহযোগিতা না করায় দেশ দুটিকে অসহযোগী দেশের তালিকাভুক্ত করা হয়েছে।
ট্রাম্প বলেছেন, কোন দেশ ডলারের পরিবর্তে অন্য মুদ্রা ব্যবহার করলে তার উপর শতভাগ শুল্ক আরোপ করা হবে। তিনি ইউরোপীয় ইউনিয়নেও শুল্ক প্রয়োগের প্রত্যয় ব্যক্ত করে বলেছেন, চীন অপ ব্যবহারকারী। কিন্তু ইউরোপীয় ইউনিয়ন খুবই খারাপ আমাদের জন্য। তিনি আরো বলেছেন, হাস্যকর ইউক্রেন যুদ্ধ বন্ধ না করলে রাশিয়ার উপর বাড়তি কর, মাশুল, নিষেধাজ্ঞা জারি করা হবে। প্রতিত্তোরে রাশিয়া বলেছে, ট্রাম্পের অধীনে রাশিয়ার প্রতি যুক্তরাষ্ট্রের নীতিতে বিশেষ কোনো নতুন উপাদান দেখা যাচ্ছে না। সম্প্রতি দাভোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালে যোগ দিয়ে ট্রাম্প যুক্তরাষ্ট্রে বিনিয়োগের জন্য সারা বিশ্বের বিনিয়োগকারীদের আহ্বান জানিয়ে বলেছেন, অন্য কোনো দেশ থেকে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি করলে বিপুল হারে আমদানি শুল্ক আরোপ করা হবে। তবে, খোদ যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করা হলে বিপুল পরিমাণে কর ছাড় দেওয়া হবে। এর প্রেক্ষিতে সৌদি যুবরাজ সালমান জানিয়েছেন, আগামী চার বছরে (ট্রাম্পের শাসনামল) যুক্তরাষ্ট্রে ৬০ হাজার কোটি ডলার বিনিয়োগ করতে চায় সৌদি আরব। যদিও ট্রাম্পের আকাক্সক্ষা ছিল সৌদি আরব যুক্তরাষ্ট্রে এক ট্রিলিয়ন বা এক লাখ কোটি ডলার বিনিয়োগ করুক।
ইসরাইলের অর্ডার এবং ক্রয়কৃত বেশ কিছু সমরাস্ত্র, যা বাইডেন সরবরাহ স্থগিত করেছিলেন, তা ট্রাম্প প্রত্যাহার করেছেন। গাজার ধ্বংসস্তূপ পরিষ্কার করার লক্ষ্যে সেখানের অধিবাসীদের মিশর ও জর্ডানে স্থানান্তর করার কথা বলেছেন ট্রাম্প। কিন্তু উক্ত দুটি দেশ ও গাজার বাসিন্দারা তা প্রত্যাখান করেছে। গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ পাওয়ার আশা পুনর্ব্যক্ত করেছেন ট্রাম্প। ব্রাজিলের শরণার্থীদের হাতকড়া পরিয়ে দেশে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র বলে ব্রাজিল অভিযোগ করেছে! যুক্তরাষ্ট্রে প্রায় ১.৫ কোটি অবৈধ অভিবাসী রয়েছে। অবৈধ অভিবাসীদের গ্রেপ্তার করা শুরু হয়েছে। ফলে অভিবাসীদের মধ্যে আতংক বিরাজ করছে।
ট্রাম্পের অভিবাসী বৈরী দৃষ্টিভঙ্গির কারণে মার্কিন সেনাদের বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে হন্ডুরাস। ট্রাম্পের অভিবাসী নির্বাসন পরিকল্পনাকে অসম্মানজনক বলে অভিহিত করেছেন পোপ ফ্রান্সিস। আরব লীগ এক বিবৃতিতে বলেছে, জোরপূর্বক বাস্তুচ্যুত করা এবং তাদের (ফিলিস্তিনি) ভূমি থেকে মানুষদের উচ্ছেদকে কেবল জাতিগত নিধন বলা যেতে পারে। যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোর যেসব অবৈধ অভিবাসীকে ফেরত পাঠানো হবে, তাদের জন্য অস্থায়ী আশ্রয়স্থল তৈরি করছে মেক্সিকো কর্তৃপক্ষ। মার্কিন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সিবিএস নিউজের সাথে এক সাক্ষাৎকারে ট্রাম্পের কাজের প্রশংসা করে বলেছেন, ‘ট্রাম্প এক সপ্তাহে যা করে দেখিয়েছেন, বাইডেন চার বছরে তা করতে পারেননি’।
Posted ১:৪৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh