রশীদ আহমেদ : | বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫
বর্তমান সময়ে আমাদের দৈনন্দিন যান্ত্রিক জীবনে সবচেয়ে বেশি যে শব্দগুলো আমরা ব্যবহার করি তার মধ্যে অন্যতম হলো কাজের চাপ। অফিসে, আড্ডায়, ঘরোয়া অনুষ্ঠান, এবং সামাজিক অনুষ্ঠানে একবার না একবার এটা নিয়ে কথা হবেই। কাজের চাপের সম্ভাব্য যেসব কারণ নিয়ে আমরা কথা বলি সেগুলোর মধ্যে কাজের পরিবেশ, কাজের পরিমাণ, সহকর্মী, ম্যানেজার, গ্রাহক, সেবা গ্রহীতা, এবং অফিস রাজনীতি উল্লেখযোগ্য। কিন্তু কখনো কি আপনি ভেবেছেন আপনার ব্যক্তিত্ব ও কাজের চাপ কে প্রভাবিত করে? আশ্চর্যজনক শোনালেও গবেষকরা মানুষের ব্যক্তিত্ব এবং কাজের চাপের মধ্যে কৌতূহলোদ্দীপক সম্পর্ক খুঁজে পেয়েছেন।
“আমাদের ব্যক্তিত্ব এবং কাজের চাপের মধ্যে সম্পর্ক আছে,” বলেন ড. মোঃ রাশেদুল ইসলাম, যিনি জর্জিয়ার ভ্যালডসটা স্টেট বিশ্ববিদ্যালয়ে ইন্ডাস্ট্রিয়াল-অর্গানাইজেশনাল সাইকোলজি পড়ান এবং গবেষণা করেন ব্যক্তিত্ব, কাজের চাপ, ও কর্মক্ষমতা নিয়ে। ব্যক্তিত্বের কোন দিকগুলো সাধারণত জড়িত এই বিষয়ে জানতে চাইলে ড. ইসলাম বলেন, “অনেক দিক জড়িত। উল্লেখযোগ্য হচ্ছে নেতিবাচকতা, কর্ম সক্রিয়তা, আশাহীনতা, উচ্চাশা, প্রতিযোগিতা, নিখুঁত হবার অবিরাম চেষ্টা, শত্রুভাবাপন্নতা, সুশৃঙ্খলতা, অত্যধিক কাজ করার মানসিকতা, কম সময়ে খুব বেশি অর্জন করতে চাওয়ার মানসিকতা, বহির্মুখীতা, কোন বিষয়ে রাজি হবার মানসিকতা, মানসিক স্থিতিশীলতা, মানসিক দৃঢ়তা, এবং মানসিক কঠোরতা। ”
আমাদের ব্যক্তিত্বের এই দিকগুলো শুধুমাত্র এককভাবে সম্পর্কিত, তা নয়। প্রায় সময় দুই বা তার ও বেশী ব্যক্তিত্বের দিকগুলো যুগপৎ আমরা কত বেশী কাজের চাপ অনুভব করব, সেটা নির্ধারণ করে। সাম্প্রতিক এক গবেষণায় ড. ইসলাম এবংতাঁর সহ-গবেষক খুঁজে পেয়েছেন যে সব মানুষের মধ্যে নেতিবাচকতা এবং বহির্মুখীতা বেশী, তারা সহকর্মীদের থেকে বেশী খারাপ ব্যবহারের শিকার হয় (Islam & Bowling, 2022)।
ব্যক্তিত্ব এবং কাজের চাপের মধ্যে এই সম্পর্ক কিভাবে আমাদের কর্মক্ষমতাকে প্রভাবিত করে জানতে চাইলে ড. ইসলাম বলেন, “এটা নির্ভর করে আপনি কিভাবে কাজের চাপকে দেখেন।” তিনি বলেন, অনেক মানুষের কাছে কাজের চাপ তাদের কর্মক্ষমতার চেয়ে বেশী মনে হয়। এরকম পরিস্থিতে এসব মানুষের কর্মক্ষমতা হ্রাস পায়।” তিনি আরও বলেন, “আবার অনেক মানুষের কাছে কাজের চাপ সুযোগ হিসেবে আসে। এসব মানুষ মনে করে বেশী কাজের চাপ মানে তাদের বেশী কর্মক্ষমতা দেখানোর সুযোগ, যেটা ভবিষ্যতে বেতন বৃদ্ধি, প্রমোশন, এবং অন্যান্য আনুষাঙ্গিক সুবিধা পাওয়াকে ত্বরান্বিত করে।”
“আমাদের ব্যক্তিত্ব আমাদের জন্য সুযোগ হারানো কিংবা নতুন সুযোগ তৈরি করার একমাত্র উপায়যেটা সম্পূর্ণরূপে আমরা নিয়ন্ত্রণ করতে পারি,” শেষে যোগ করেন ড. ইসলাম।
Posted ১২:৪১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh